বাংলাদেশের সঙ্গে সামরিক সহায়তা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে জাপান। ইন্দো প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে এই সহায়তা বাড়াতে বাংলাদেশের সঙ্গে সহায়তা চুক্তিও করেছে দেশটি। বুধবার (৩ মে) ঢাকায় অবস্থিত জাপানের দূতাবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক কথা জানান রাষ্ট্রদূত ইত্তয়ামা কিমিনোরি। তিনি বলেন, বাংলাদেশ জাপান থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য আলোচনা করছে। তবে কী কী কেনা হবে তা এখনও নির্ধারিত হয়নি।
ইত্তয়ামা বলেন, চীনা জোট বিআরআই নিয়ে জাপান গভীরভাবে অবগত নয়। তবে বাংলাদেশ কোনো জোট বা গ্রুপে অন্তর্ভুক্ত হবে তা নিয়ে জাপান কোনো মন্তব্য করবেনা। বাংলাদেশ ইন্দো প্যাসিফিক নিয়ে যে রূপরেখা দিয়েছে তার বেশির ভাগ জায়গাতে জাপান একমত। রাষ্ট্রদূত বলেন, বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের সামরিক সহায়তা রয়েছে। বাংলাদেশের সঙ্গে জাপানের যে সামরিক সহায়তা চুক্তি হয়েছে তার আলোকে আলোচনা চলছে। আমার বাংলাদেশের সাথে সামরিক সহায়তা বৃদ্ধির ব্যাপারে আগ্রহী।



























