আদালত প্রাঙ্গণে পুলিশের কাছ থেকে দুই জঙ্গি ছিনতাই নিছক দুর্ঘটনা। এ’নিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে সাহিত্য মেলায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আসামি ছিনতাইয়ের মতো ঘটনা অনেক দেশেই ঘটে। যুক্তরাষ্ট্রে ৩০-৩৫ বছরেও পলাতক আসামি ধরা পড়ে না। সে তুলনায় বাংলাদেশের পুলিশ অনেক শক্তিশালী দাবি করে তিনি বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসে দেশের পুলিশ।
বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে আমাদের দেশের কিছু গণমাধ্যম। অনেক রাষ্ট্রদূত বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে চান না। কিন্তু সাংবাদিকদের কারণে বাধ্য হন। এ ব্যাপারে সাংবাদিকদের যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ নিয়ে এ কে আব্দুল মোমেন বলেন, সমাবেশে জনসমাগম নিয়ে বিএনপি হতাশ। তাদের ইচ্ছে ছিল আন্দোলন শুরু করার, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক, অতিরিক্ত ডিআইজি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং বিশিষ্ট লোকসংগীত গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ।





























