সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার(১৯’ই নভেম্বর)। ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ শুক্রবার(১৮’ই নভেম্বর) রাত ১০টায় আকাশপথে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
বিমানবন্দরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বিমানবন্দর থেকে সরাসরি মাজার জিয়ারতে যাবেন বলে জানিয়েছে দলটির একটি সূত্র।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত ও সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভিন্ন বিভাগে বিএনপি বিভাগীয় সমাবেশ করছে। ইতিমধ্যে কয়েকটি বিভাগ ও ফরিদপুর জেলায় গণসমাবেশ করেছে দলটি। তারই ধারাবাহিকতায় সিলেটেও শনিবার (১৯ নভেম্বর) গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় মাঠের এক পাশে তৈরি করা হয়েছে মঞ্চ। মাঠে মাইক টানানো হয়েছে এবং মাঠের দুই পাশে দুটি ‘বড় পর্দা’ লাগানো হয়েছে। মাঠে বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। নেতাকর্মীরা একেকজন একেক দায়িত্ব পালন করছেন। প্রত্যেকেই আছেন ফুরফুরে মেজাজে।
এ’দিকে বিএনপির সমাবেশকে দলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সিলেট বিভাগজুড়ে পরিবহন শ্রমিক নেতাদের ডাকা ধর্মঘটের কারণে বৃহস্পতিবার বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে এসে পৌঁছেছেন নেতাকর্মীরা। যত সময় যাচ্ছে নেতাকর্মীদের ভিড় ততই বাড়ছে।
ইতোমধ্যে সমাবেশের মূল মঞ্চ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। এছাড়াও সমাবেশস্থলে শতাধিক মাইক বসানো হয়েছে এবং মঞ্চ থেকে দূরে থাকা নেতাকর্মীদের সমাবেশ স্পষ্টভাবে দেখানোর জন্য দুটি ‘বড় মনিটর’ স্থাপন করা হবে। আগাম আসা নেতাকর্মীদের জন্য মাঠের তিন পাশে ক্যাম্প তৈরি করা হয়েছে। সেখানে তার বৃহস্পতিবার রাত থেকে অবস্থান করছেন। তাদেরকে বিভিন্ন নেতাদের উদ্যোগে রান্না করে খাওয়ানো হচ্ছে। এসব ক্যাম্প সমাবেশের দিন সকালে অপসারণ করা হবে।





























