ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলছে। শনিবার বেলা ১১’টায় কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে এ সমাবেশ শুরু হয়। এর আগে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। গতকাল শুক্রবার ফরিদপুর পৌঁছান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। সন্ধ্যায় সমাবেশস্থলে গিয়ে নেতাকর্মীদের সাথে দেখা করেন তারা।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধি ও দলের নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে ফরিদপুরে এই বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।

সড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ফরিদপুরে দুই দিনের পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার ভোর থেকে রাজবাড়ী-মাদারীপুরেও বাস চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘট কর্মসূচি ডাকে জেলা বাস মালিক সমিতি। ধর্মঘটের কারণে আন্তঃজেলা বাসসহ দূরপাল্লার কোনো বাসই এসব জেলা থেকে ছেড়ে যায়নি। হঠাৎ ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাস বন্ধ থাকায় বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন অনেকেই। এতে অতিরিক্ত সময়ের পাশাপাশি বেড়েছে খরচও। পরিবহন ধর্মঘট চলবে আজ রাত ৮টা পর্যন্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে