১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধীতা করা তৎকালীন মার্কিন পররাষ্ট্রনীতির ভুল সিদ্ধান্ত ছিলো বলে মনে করেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার (৩১শে অক্টোবর) রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির পুত্র টেড কেনেডি জুনিয়র বলেন, একাত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন করলেও আমেরিকার জনগণসহ অনেক রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের পক্ষে ছিলো।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০’বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির পুত্র টেড কেনেডি জুনিয়র ও তার পরিবার, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ঢাকা বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন। এ’সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মার্কিন পররাষ্ট্রনীতিতে কিছু ভুল ছিলো। তবে মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত তৈরিতে কাজ করেছে অনেক মার্কিনি।

একাত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী সিনেটর ছিলেন এডওয়ার্ড এম কেনেডি। তাঁরই পুত্র এডওয়ার্ড টেড এম কেনেডি জুনিয়র এই অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, তাঁর পিতা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমর্থক ছিলেন। এর আগে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এম কেনেডি জুনিয়রকে স্বপরিবারে অভ্যর্থনা জানানো হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক হিসেবে ১৯৭২ সালের ১৪ই ফেব্রুয়ারি সিনেটর এডওয়ার্ড এম কেনেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বটগাছের চারা রোপণ করেছিলেন। বাবার সেই স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন টেড কেনেডি জুনিয়র।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে