
সীমান্ত উত্তেজনা নিরসনে বৈঠকে রাজি হয়েছে মিয়ানমার। রোববার কক্সবাজারের টেকনাফে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতকে কেন্দ্র করে সীমান্তে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ বৈঠকের ঘোষণা দেয়া হয়েছে।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের পক্ষ থেকে আলোচনার উদ্দেশ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। বৈঠকে বসতে রোববার মিয়ানমারের প্রতিনিধি দল টেকনাফে আসবেন।এর আগে, মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূতকে নেপিদোর পক্ষ থেকে সীমান্তে উত্তেজনার বিষয়ে যে ব্যাখ্যা দেয়া হয়েছে, তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ঢাকা।
এরই পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের কর্মকর্তারা জানান, রোহিঙ্গা শরণার্থীদের ফেরত না নিয়ে মিয়ানমার পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য উস্কানি দিচ্ছে । সেই উস্কানিতে পা না দিয়ে কূটনৈতিকভাবে বিষয়টির সমাধান করতে চাইছে বলে কর্মকর্তারা উল্লেখ করেন।





























