
ক্ষমতায় টিকে থাকতে সরকার জনগনের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষের অধিকার কেড়ে নেওয়া সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। আজ শনিবার বিকালে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পতন নিশ্চিত করা হবে। কোন বাধাই সরকার পতন আন্দোলন ঠেকানো যাবে না বলে মন্তব্য করে ফখরুল বলেন, আন্দোলন ছাড়া বিএনপির সামনে আর কোন পথ নেই। তিনি আরও বলেন, গত তিন দিন ধরে জল-স্থল সবখানে গণপরিবহণ বন্ধ করে দিয়েছে সরকার। তারপরও কি সরকার এই জনসমাবেশকে বাধা দিতে পেরেছে। ইতিহাস বলে, জনগণের ন্যায়সঙ্গত যে দাবি তা হামলা করে দাবিয়ে রাখা যায় না। গত দুই দিনে ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, অসংখ্য নেতাকর্মীকে আহত করা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির মিছিলে গুলি করা হয়েছে, ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সমাবেশে আসা নেতাকর্মীদের নৌকা ডুবিয়ে দিয়ে কয়েকশ নেতাকর্মীকে আহত করা হয়েছে। গাজীর হাটে একজন নেতা পানিতে ডুবে গেছে। এখনও তার খোঁজ পাওয়া যায়নি। আজকে নেতাকর্মীরা লড়াই করেই এখানে উপস্থিত হয়েছেন। পুলিশের গুলিতে নিহত নেতাদের স্মরণ করে মির্জা ফখরুল বলেন, গুলির সামনে, বন্দুকের সামনে বুক পেতে দিয়েছে। কারণ তারা বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়।
আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল আরও বলেন, তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৩ দিন হরতাল করেছিল। ক্ষমতায় এসে বিচারপতি খায়রুল হককে দিয়ে সংবিধান পরিবর্তন করে চিরস্থায়ী ক্ষমতায় থাকার বন্দোবস্ত করেছে। ফখরুল বলেন, সকল গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দিন। অন্যথায় পালাবার পথ পাবেন না। এসময় বিএনপি নেতারা জানান, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সরকার যতো বাধা দেবে বিএনপির আন্দোলন ততোই বেগবান হবে বলেও দাবি করেন তারা। হামলা, নির্যাতন করে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবেনা বলেও হুশিয়ারী দেন দলটির নেতার। এর আগে নগরীর ফেরিঘাট মোড়ের সোনালী ব্যাংক চত্বরে বেলা ১১টার দিকে শুরু হয় সমাবেশের কার্যক্রম। সমাবেশে জ্বালানি তেল, নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও কর্মীদের নিহত হওয়ার প্রতিবাদসহ খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তারা।





























