রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। শনিবার বেলা আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তার এই সফরে বিমান চলাচল, জনশক্তি রপ্তানিসহ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বিমানবন্দরে ব্রুনাইয়ের সুলতানকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠান শেষে সেখান থেকে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে সুলতানকে সাভারে জাতীয় স্মৃতি সৌধে নিয়ে যাওয়া হবে। সেখানে স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন সুলতান। এছাড়া সেখানে একটি গাছের চারা রোপন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষরও করবেন। সাভার থেকে সুলতানকে রাজধানীর একটি হোটেলে নিয়ে যাওয়া হবে। ঢাকায় অবস্থানকালে সেখানেই অবস্থান করবেন তিনি।

সন্ধ্যায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন ব্রুনাইয়ের সুলতান। পরে তিনি বঙ্গভবনের গ্যালারি হলে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বঙ্গভবনের দরবার হলে সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি হামিদ। রোববার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হবে বৈঠক। ব্রুনাইয়ের সুলতানের ঢাকা সফরকালে কয়েকটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সফরে দ্বি-পাক্ষিক বিমান চলাচল চুক্তি, বাংলাদেশি জনশক্তি নিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং দুই দেশ কর্তৃক নাবিকদের সার্টিফিকেটের স্বীকৃতিসহ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সফর শেষে রোববার সুলতান ঢাকা ত্যাগ করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে