পুলিশের বাধার মুখেই খালেদা জিয়ার মুক্তি দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি। এসময় মহাখালী থেকে আটক হয়েছেন দুই কর্মী। নয়াপল্টনে কর্মসূচিতে অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সব ষড়যন্ত্র প্রতিহত করে আন্দোলনের মাধ্যমেই চেয়ারপারসনকে মুক্ত করবে বিএনপি।
জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়া আছেন নাজিম উদ্দিন রোডের পুরোনো কারাগারে। কারাবাসের ৫৪তম দিনে দল প্রধানের মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেছে বিএনপি।
মিরপুরে কর্মসূচি পালনে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু।মহাখালীতে লিফলেট বিতরণ করতে এসে, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ জানান স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার বক্তব্য চলাকালে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় কর্মসূচি। আটক করা হয় দুজনকে।
নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি মহাসচিব। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বাধার নিন্দা জানিয়ে, আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে আবারও জানান তিনি।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ হয়েছে জেলা পর্যায়েও। বগুড়া, চট্টগ্রাম, ঝালকাঠি ও লক্ষ্মীপুরসহ জায়গায় কর্মসূচি থেকে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান নেতা-কর্মীরা।
অনলাইন ডেস্ক,বিডি টাইম্স নিউজ



























