সমঝোতা ছাড়াই শেষ হয়েছে চা-শ্রমিক ইউনিয়ন ও শ্রম অধিদপ্তরের দিনব্যাপী বৈঠক। সমস্যা সমাধানে আবারো আগামী ২৩’শে আগস্ট আন্ত:মন্ত্রণালয় বৈঠকের দিন ধার্য্য করা হয়েছে। এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষুদ্ধ চা শ্রমিকরা। মঙ্গলবার দুপুর পৌনে ১২’টার দিকে চা-শ্রমিকদের সাথে বৈঠকে বসেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এনডিসি।
বাংলাদেশ চা–শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিপেন পাল জানান, বৈঠকে শ্রম অধিদপ্তর তাদের দাবি মেনে না নেয়ায় মন্ত্রণালয়ের সাথে আগামী ২৩’শে আগস্ট বৈঠকের আগ পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে উদ্ভুত পরিস্থিতি সমাধানে বৈঠকে শ্রমিক নেতাদের আগামী ২৩’শে আগস্ট পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এনডিসি। তবে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চা-শ্রমিক নেতৃবৃন্দ এ আহ্বানে সাড়া না দিয়ে বিক্ষোভ শুরু করেন। গেল মঙ্গলবার দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ন্যুনতম ৩০০ টাকা করার দাবিতে ৯’ই আগস্ট থেকে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছিল শ্রমিকরা। শনিবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেন তারা। এদিকে, দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন হবিগঞ্জের চা শ্রমিকরা।














