জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটকের পর সাজা ভোগ করে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (১২ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন। দেশে ফেরা পাঁচ বাংলাদেশি নাগরিক হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গামারীতলা গজারিয়া টিলার মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ বেলাল উদ্দিন (৪২), একই উপজেলার ডেলকাটা গ্রামের মোহাম্মদ আলী কারিগরের বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে মোহাম্মদ হোসাইন (৫২), উত্তর গামারীতলা গ্রামের মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ আবদুল রহিম (২৪), জাহানপুর গ্রামের মোহাম্মদ হারুনের ছেলে মোহাম্মদ আলম (৫৮) ও একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে মোহাম্মদ দিদার (৫২)। তাদেরকে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার পর তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত থেকে ফেরা এই পাঁচ বাংলাদেশি ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ভারতের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আটক হন। পরে দেশটির আদালত তাদের পাঁচ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। সাজা শেষে তাদের ত্রিপুরা রাজ্যের আগরতলার নরসিংগড়স্থ ;স্টেট ওল্ড এজ হোমে; পাঠানো হয়। পরে আগরতলায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের সহায়তায় তাদের ঠিকানা সম্পর্কে নিশ্চিত করা হয়। পরে তাদেরকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার তাদেরকে হস্তান্তরের সময় আখাউড়া সীমান্তে আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, আখাউড়ার ইউএনও রোমানা আক্তার, ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রগ্রাম ম্যানেজার তৌসিফ আহমদ কোরেশী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ এসআই আবু বক্কর, বেসরকারি সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধিদল এবং ভারত থেকে ফেরত আসা ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ব্র্যাক অভিবাসন কর্মসূচির পক্ষ থেকে জরুরি সহায়তা হিসেবে খাবার, কাউন্সেলিং সেবা ও যাতায়াত ভাতা বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ সাংবাদিকদের বলেন,যারা ফিরেছেন, ত্রিপুরার আদালত এক রায়ে তাদেরকে কারাদণ্ড দেন। তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করলে তাদের আগরতলার নরসিংগড়স্থ স্টেট ওল্ড এজ হোম এ রাখা হয়। বাংলাদেশি হাইকমিশনের সহায়তায় তাদের জাতীয়তা নিশ্চিত করা হয়। পরে তাদের প্রত্যাবসনের উদ্যোগ নেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।।বিডি টাইমস নি্উজ














