ইউক্রেন ইস্যুতে সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতার পর এবার নিষেধাজ্ঞার পথে হাঁটল পশ্চিমা বিশ্ব। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপান নিষেধাজ্ঞা আরোপ করেছে।

রয়টার্স জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে যদি আরও হামলা চালায় তবে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে রাশিয়ার বিরুদ্ধে। পূর্ব ইউক্রেনে সেনা পাঠানো এবং দেশটির দুটি অঞ্চলকে স্বাধীন ঘোষণাকে ‘ইউক্রেনে রুশ আক্রমণের সূচনা হিসেবে অ্যাখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। নিষেধাজ্ঞার বিষয়ে মঙ্গলবার বাইডেন বলেন, রাশিয়ার বড় দুটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং রাশিয়ান সোভেরিন ডেবটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে তাঁর সরকার। এ ছাড়া রাশিয়ার ধনকুবের ও তাঁদের পরিবারের সদস্য এবং রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র।

এদিকে, রাশিয়ার পাঁচটি ব্যাংকের সম্পত্তি ফ্রিজ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। একইসঙ্গে তিনজন রুশ বিলিয়নিয়ারের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। নিষেধাজ্ঞার ফলে এই তিন রুশ ধনকুবের নাগরিক যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন না এবং ব্রিটেনে থাকা তাদের সম্পদও আটকে রাখা যাবে।

এছাড়া, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে জাপানও। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছে, নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে জাপানে রাশিয়ান বন্ড ইস্যু করা নিষিদ্ধ করা এবং কিছু রুশ নাগরিকের সম্পদ জব্দ করার পাশাপাশি জাপানে ভ্রমণ সীমিত করা। এছাড়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়নও নিষেধাজ্ঞা আরোপের কথা বলছে।

আন্তর্জাতিক নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে