সমালোচনার মুখে পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করেছেন ঢাবি শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানটির নারী শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন ঢাবি শিক্ষার্থী। অভিযোগ দায়ের করা শিক্ষার্থীর নাম জুলিয়াস সিজার তালুকদার। মঙ্গলবার রাতে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি নাহিদ রেইনস পিকচারস নামকে এক ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান উস্কানিমূলক বক্তব্য দেন। মুরাদ হাসানের ওই বক্তব্যকে বিদ্বেষমূলক ও বিকৃত যৌনাচার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এছাড়া দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানকে উদ্দেশ্যমূলকভাবে তাচ্ছিল্য করা হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও শামসুন্নাহার হলের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক ও নাগরিক মূল্যবোধ বিরোধী এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছে। তাই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, ডা. মুরাদ হাসানের ফোনালাপ ফাঁসসহ তার সাম্প্রতিক নানা বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নেটিজেনরা। সমালোচনার মুখে পড়েছেন তার সাক্ষাৎকার নেয়া নাহিদ রেইনস নামের ইউটিউবারও। তার উপস্থাপনা কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছে পুলিশ। আর অনলাইন থেকে এসব ভিডিও সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

অন্যদিকে, সমালোচনার মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে ইতিমধ্যে পদত্যাগ করেছেন ডা. মুরাদ হাসান। এরপর মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদ থেকে ডা. মুরাদ হাসানকে অব্যাহতি দিয়ে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে।

ডিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে