বিএনপি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে ইতালি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকতের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। গণভবনে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেন আগামী নির্বাচন, দুর্নীতির মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড, প্রশ্নপত্র ফাঁস এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে ৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, এখন বহুদলীয় গণতন্ত্রের সময়। কোন দল নির্বাচন করবে কি করবে না এটা সম্পূর্ণ তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। কিন্তু নির্বাচন সময়মতো হবে। জনগণও ভোট দেবে। তিনি বলেন, ২০১৪ সালে এতো তান্ডব করেও যখন নির্বাচন ঠেকাতে পারেনি, ভবিষ্যতেও ঠেকাতে পারবে না। তিনি বলেন, বিএনপি যদি নির্বাচন না করে তাহলে কারো কিছু করার নেই। গতবারও তারা নির্বাচন করেনি। আমরা জানতাম তারা নির্বাচনে আসবে। কিন্তুু তারা নির্বাচনে আসেনি। এবারও যদি কোন দল না আসে, সেখানে আমাদের কী করার আছে?
শেখ হাসিনা বলেন, এটা যদি আপনারা বলেন, আমি শাস্তি দিয়েছি, আমি তুলে নেবো, সেটাতো আমি পারবো না। আদালত তাকে (খালেদা) শাস্তি দিয়েছে। আর মামলা করেছে দুদক। খালেদা জিয়াকে মুক্তি না দিলে তার দল নির্বাচনে যাবে না বলে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের উত্তরে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি বলে নির্বাচন করতে দেবো না, এটা গায়ের জোরের কথা, যেটা বিএনপি বলতে পারে।
ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকদের শঙ্কার কিছু নেই। যাচাই-বাছাইয়ের বিভিন্ন পর্যায়ে বিবেচনার সুযোগ আছে বলে জানান তিনি। প্রশ্নফাঁসে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকার শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারছে না কেনো? ব্যর্থ মন্ত্রী-আমলাদের বিরুদ্ধে কী নেয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নফাঁস নতুন কিছু না, যুগযুগ ধরে হচ্ছে। মন্ত্রী আর সচিব গিয়ে তো প্রশ্নফাঁস করেনি, তাদের কেন সরে যেতে হবে। আপনাদের সাংবাদিকদের বিভিন্ন জায়গায় এজেন্ট আছে। যারা প্রশ্নফাঁস করেছে তাদের ধরিয়ে দেন, ব্যবস্থা নেব।
প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নফাঁস হচ্ছে ২০ মিনিট বা এক ঘণ্টা আগে, এতো ট্যালেন্ট কোন ছাত্র যে এই সময়ের মধ্যে পড়ে মুখস্ত করে লিখবে। এসময়, এমসিকিউ পদ্ধতি বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনের শুরুতে ইতালি সফরের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ডেস্ক রিপোর্ট, বিডি টাইম্স নিউজ

























