
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর মগবাজারে একটি চারতলা ভবনের নীচতলায় ভয়াবহ বিস্ফোরণে ছয়’জন নিহত ও আহত হয়েছে অর্ধশতাধিক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার (২৭’শে জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকার আড়ংয়ের শো-রুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক(অপারেশন) দেবাশীষ বর্জন বিসি টাইম্স নিউজকে জানিয়েছেন, প্রাথমিকভাবে গ্যাস থেকে বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নাশকতাও সন্দেহ তালিকায় রয়েছে বলে জানান তিনি। বিস্ফোরণের পর চারতলা ভবনের নীচ তলা ডেবে গেছে। তবে কি কারণে বিস্ফোরণ হয়েছে তা নিশ্চিত হয়নি পুলিশ ও ফায়ার সার্ভিস। বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় আশেপাশের ভবনের গ্লাস ভেঙ্গে যায়। আহতদের মধ্যে ঢামেক হাসপাতালে ৩২ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০’জনকে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ ১৩টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ‘আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ আবার ফোন করে বলেছেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট পাঠানো হয়েছে’। রমনা থানার ডিউটি অফিসার এসআই আবুল খায়ের বলেন, ‘সেখানে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। এখনো নিশ্চিত হতে পারছি না। পুলিশের বেশ কয়েকটি টিম সেখানে আছে’।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














