স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সেই হিসেবে আবদুল হামিদ এই পদে ১৭তম ব্যক্তি। বাংলাদেশের আইনে এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারবেন। আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রীর বরাত দিয়ে বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে বলে তিনি নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে পেরেছেন। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে।
তবে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে ইসির পক্ষ থেকে বলা হয়েছে। ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ২৫ জানুয়ারি কমিশন বৈঠক হবে। পরবর্তী করণীয় সম্পর্কে সেখানেই সিদ্ধান্ত হবে। তবে আইনমন্ত্রীর মন্তব্য অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদের সদস্যরা রাষ্ট্রপতির নির্বাচনে প্রকাশ্য ভোট দেবেন। প্রকাশ্য ভোট গণনাও হবে। রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হলে ভোটের প্রয়োজন হবে না। একাধিক প্রার্থী থাকলে ভোট হবে। এক্ষেত্রে প্রার্থীরা সমান ভোট পেলে লটারি হবে।
২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. আবদুল হামিদ। সে হিসেবে তাঁর পাঁচ বছরের মেয়াদ ২৩ এপ্রিল শেষ হবে। আর সংবিধান অনুযায়ী মেয়াদ অবসানে পূর্ববর্তী নব্বই থেকে ষাট দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























