আদালতের আদেশ প্রতিপালন না করায় বেসরকারি উন্নয়ন সংস্থা “প্রশিকা মানবিক উন্নয়ন” কেন্দ্রের সাবেক চেয়ারম্যান ড. কাজী ফারুক আহমদের এক মাসের সিভিল জেল (দেওয়ানি কারাদণ্ড অর্থাৎ কারাগারে দণ্ডিত ব্যক্তির খরচ বহন করবে বাদীপক্ষ) দিয়েছে হাইকোর্ট।
সংস্থাটির বর্তমান চেয়ারম্যান এমএ ওয়াদুদের কাছে চেয়ারম্যানের কার্যালয় বুঝিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ প্রতিপালন করে ১৫ দিনের মধ্যে হলফনামা আকারে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত। প্রশিকার বর্তমান চেয়ারম্যান এম এ ওয়াদুদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সিরাজুল ইসলামের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার একক হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানিতে ছিলেন বারেক চৌধুরী, নুরুল আমীন, নুরুল ইসলাম মাতুব্বর ও মো. সোলায়মান। কাজী ফারুকের পক্ষে শুনানি করেন মাহবুবে আলম (অ্যাটর্নি জেনারেল), জেড আই খান পান্না, মাহবুব আলী এমপি, এএম আমিনউদ্দিন ও রমজান আলী শিকদার।রিটকারী পক্ষের আইনজীবী মো. সোলায়মান সাংবাদিকদের বলেন, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ২০০৯ সালের ২৪ মে সংস্থাটির গভর্নিং বডির এক সভায় চেয়ারম্যান পদ থেকে কাজী ফারুককে অপসারণ করে এমএ ওয়াদুদকে চেয়ারম্যান করা হয়। রায়ে অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে সহকারি জজ আদালতে কাজী ফারুকের করা বিচারাধীন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ যে পক্ষ যে অবস্থানে আছে সে অবস্থানেই থাকবে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ





























