চট্টগ্রাম সংবাদদাতা।।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে কর্নেল কমান্ড্যান্টের বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারি এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

আজ বুধবার(১৬’ই জুন) বিকেলে চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে কুচকাওয়াজের মাধ্যমে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় সেনা প্রধান তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ বিশ্বের বুকে আধুনিক ও চৌকস বাহিনী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, এরই মধ্যে এই রেজিমেন্টে যুক্ত হয়েছে তিনটি আর্টিলারি ব্রিগেড, একটি এয়ার ডিফেন্স ব্রিগেড-সহ ১৪টি আর্টিলারি ইউনিট, যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সমরাস্ত্র। এছাড়া, শিগগিরই সংযোজন করা হবে রাডার কন্ট্রোল এডি গান সিস্টেম, সুইডেনের তৈরি সার্ভে থিওডোলাইট। পরে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে ফোর্সে গোল- ২০৩০ এর আলোকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।

রেজিমেন্ট অব আর্টিলারি’র আধুনিকায়ন প্রসঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ইতিমধ্যেই এই রেজিমেন্টে যুক্ত হয়েছে নবগঠিত ৩টি আর্টিলারি ব্রিগেড এবং ১টি এয়ার ডিফেন্স ব্রিগেডসহ ১৪টি আর্টিলারি ইউনিট। ফায়ার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রেজিমেন্ট অব আটিলারিকে অত্যাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত করা হয়েছে । আধুনিকায়নের পাশাপাশি যুগোপযোগী প্রশিক্ষণ সুবিধা নিশ্চিতকল্পে নির্মাণ ও সংস্কার করা হচ্ছে ফিল্ড ফায়ারিং রেঞ্জ এবং ক্রয় করা হচ্ছে অত্যাধুনিক সিমুলেটর। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উপহার হিসেবে আর্টিলারি সেন্টার ও স্কুলে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সুবিধাসম্পন্ন ‘মুজিব ব্যাটারি কমপ্লেক্স’ এর নির্মান কাজ চলতি বছরেই সম্পন্ন হবে। বিদায়ী কর্নেল কমান্ড্যান্ট জেনারেল আজিজ আহমেদ এর ঐকান্তিক প্রচেষ্টায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৩টি আর্টিলারি রেজিমেন্ট ইউনিফর্মে শার্টের কলারে লাল পাইপিং পরিধান করছে এবং স্বাধীনতার পর প্রথমবারের মত ২৬টি আর্টিলারি ইউনিট রেজিমেন্টাল কালার ও ৪টি ইউনিট ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্জন করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারি এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তাদের নিজ নিজ উন্নতি ও অগ্রগতির ধারা অব্যাহত রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। কর্ণেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। পরিশেষে, দেশপ্রেম এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে তিনি রেজিমেন্ট অব আর্টিলারি এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল সদস্যকে উপদেশ প্রদান করেন। অনুষ্ঠানে রেজিমেন্ট অব আর্টিলারি এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তাগণসহ অন্যান্য সামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে