এএফসি ক্লাব কাপ প্রি কোয়ালিফায়ার রাউন্ডের প্রথম লেগে কাল মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে নামবে সাইফ স্পোর্টিং ক্লাব। আন্তর্জাতিক অভিষেকে দারুণ কিছু করার লক্ষ্য নর্থমোরের শীষ্যদের। শক্তি বাড়াতে শেষ মুহূর্তে দলে নেয়া হয়েছে অভিজ্ঞ জাহিদ-আশরাফুল, রানাদের। অন্যদিকে, বাংলাদেশের পরিচিত কন্ডিশনে পরিকল্পিত ফুটবলে গুরুত্ব টিসি স্পোর্টসের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল ৩টায়।

ঘরোয়া ফুটবলের ব্যস্ততার মাঝে চ্যালেঞ্জটা আন্তর্জাতিক মঞ্চের। বিপিএলে দাপুটে শুরুর পর ধরে রাখা যায়নি চমক। এএফসির মঞ্চে সাইফ স্পোর্টিংয়ের সুযোগ নিজেদের নতুন করে প্রমাণের। দীর্ঘ লিগ খেলার ক্লান্তি আছে, পথচলা কঠিন হয়েছে চোট সমস্যায়। সবশেষ ম্যাচে রহমতগঞ্জের কাছে ২-০ গোলের হার দিচ্ছেনা ইতিবাচক বার্তা। ঘাটতি মেটাতে চট্টগ্রাম আবাহনী থেকে স্কোয়াডে ভেড়ানো হয়েছে আট ফুটবলার। চোট কাটিয়ে পুরো ফিট তপু বর্মণ-জামাল ভুঁইয়া। টানা খেলার ক্লান্তি আছে টি সি শিবিরেও। বাংলাদেশে এসেছে মাত্র ১২ দিনের প্রস্তুতিতে। আক্রমণভাগে নাইজেরিয়ান ফরোয়ার্ড কোলেওয়ালে পিটারকে মিস করবে দল। হালিম ইব্রাহিমের দলকে আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশে তাদের পারফর্মেন্স। একবছর আগে চট্টগ্রাম থেকে ক্লাব কাব শিরোপা সাথে নিয়ে দেশে ফিরেছিল মালদ্বীপের ক্লাবটি।

শুধু সাইফ স্পোর্টিং নয় টিসির বিপক্ষে ম্যাচে জামালদের অনুপ্রেরণা লাল সবুজের পতাকা। অভিজ্ঞ মারুফুল হককে পাওয়া যাচ্ছে ডাগআউটে। তবে শেষ মুহূর্তে স্কোয়াডে যোগ দেয়া আশরাফুল রানা-জাহিদরা পাননি অভ্যস্ত হবার জন্য যথেষ্ট সময়। সমন্বয়ের ঘাটতি বড় হয়ে উঠতে পারে কাউন্টার অ্যাটাকে দক্ষ টিসি স্পোর্টসের সামনে।

স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে