করোনাভাইরাস পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সুপারিশ হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-সিডিসি। এই হালনাগাদ সুপারিশে ঝুঁকির দেশের তালিকায় সবচেয়ে উপরে রয়েছে বাংলাদেশ। সিডিসির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, মার্কিন নাগরিকদের জন্য এই ভ্রমণ সুপারিশ হালনাগাদ করা হয়েছে গত ৭ই জুন।

সিডিসির ভ্রমণ সুপারিশে ঝুঁকির মোট পাঁচটি পর্যায় রয়েছে। এগুলো হলো অজ্ঞাত পর্যায়, পর্যায়-১, পর্যায়-২, পর্যায়-৩ ও পর্যায়-৪। নতুন ভ্রমণ সুপারিশে অজ্ঞাত পর্যায়ে থাকা দেশগুলোর ক্ষেত্রে ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। এরপরও যদি এসব দেশে ভ্রমণ করতে হয়, তাহলে আগেই টিকার পূর্ণ ডোজ নেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

পর্যায় ১-এ থাকা দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা কম হলেও আগেই টিকার পূর্ণ ডোজ নিতে হবে।
পর্যায় ২-এ থাকা দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা মাঝারি। এ দেশগুলোর ক্ষেত্রেও টিকার পূর্ণ ডোজ নিতে বলা হয়েছে। যারা টিকা নেয়নি, পাশাপাশি করোনায় সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি আছে, তাদের অপরিহার্য না হলে এই পর্যায়ে থাকা দেশগুলো ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

পর্যায়ে ৩-এ থাকা দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা উচ্চ। এ দেশগুলোর ক্ষেত্রেও আগেই টিকার পূর্ণ ডোজ নিশ্চিত করতে হবে। যারা টিকা নেয়নি, অপরিহার্য না হলে তাদের এই পর্যায়ে থাকা দেশগুলো ভ্রমণ না করতে বলা হয়েছে।

পর্যায়-৪-এ থাকা দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা খুবই উচ্চ। এই পর্যায়ে থাকা দেশগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। মার্কিন নাগরিকদের কোনো দেশ ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা হিসেবে গণ্য হয়ে থাকে এই পর্যায়টি। যদি ভ্রমণ জরুরী হয়, তাহলে আগেই টিকার পূর্ণ ডোজ নিতে বলা হয়েছে। এই পর্যায় ৪-এ রয়েছে ৬১টি দেশ।

বাংলাদেশ ছাড়াও এই পর্যায়ে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশ। করোনা পরিস্থিতি বিবেচনায় সিডিসির ভ্রমণ সুপারিশে বাংলাদেশে ভ্রমণ পরিহার করতে বলা হয়েছে। বাংলাদেশে যদি ভ্রমণ করতেই হয়, তাহলে আগেই টিকার পূর্ণ ডোজ নেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পূর্ণ ডোজ টিকা নেয়া ভ্রমণকারীরও ঝুঁকি আছে বলে সিডিসির সুপারিশে বলা হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে