বাজেট নিয়ে বিএনপি আবোল-তাবোল বকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। কাদের বলেন, বিএনপির বক্তব্য অন্ধ বিদ্বেষ প্রসূত কথামালার চাতুরি। তারা ভালো কিছু দেখে না। চোখ থাকতেও তারা হাওয়া ভবনের চশমা দিয়ে দেখে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

মন্ত্রী জানান, বাজেট নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল অন্ধ বিদ্বেশ প্রসূত কথা বলছেন। আওয়ামী লীগের কাছে যা পূর্ণিমার রাত বিএনপির কাছে তা অমাবস্যা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এর আগে সকালে গুলশানে প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাজেটে জনস্বার্থের কোন প্রতিফলন ঘটেনি, এটি দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনীতিকে বার বার বৈদেশিক নির্ভর করে দেশের প্রতিটি শিশুর মাথায় জন্মের পূর্বেই হাজার হাজার টাকার ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এবারের বাজেট তারই চরম বহি:প্রকাশ। আয় নেই, ধার করা টাকায় বাজেট করা হয়েছে।

বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের বাজেটে পেশের পর শুক্রবার সকালে বিএনপির বাজেট প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, চলমান স্বাস্থ্য পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে ২০২১ -২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ ব্যর্থ, এটি অবাস্তব, কাল্পনিক আর কাগজে বাজেট ছাড়া কিছুই নয়। এই বাজেটে কোভিডের মহাসংকট থেকে উত্তরণের দিক নির্দেশনা নেই। এই বাজেট মুক্তবাজার অর্থনীতিতে সমপ্রতিযোগিতার স্বাভাবিক বিকাশকে বন্ধ করে দিয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে গতকাল ৩ জুন রেকর্ড ঘাটতির বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রাজস্ব আদায়ের বড় চ্যালেঞ্জ মাথায় নিয়ে বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলতে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন তিনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে