
পশ্চিমা লঘুচাপের প্রভাবে আজ রাজধানীসহ বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে রাস্তাঘাটে, অলিগলিতে পানি জমে গেছে। তৈরি হয়েছে ভোগান্তির। বৃষ্টির পাশাপাশি হালকা বাতাসও হচ্ছে। মাঝেমধ্যে বজ্রপাতও হচ্ছে। আজ মঙ্গলবার (১ জুন) ভোর ৬টার আগের ২৪ ঘণ্টার ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া আকারেও বয়ে যেতে পারে। ঢাকার বাতসে আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কক্সবাজার ও টেকনাফ উপকূলে প্রবেশ করবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























