উবারসহ অ্যাপস ভিত্তিক অন্যান্য সার্ভিসগুলোকে আইনি কাঠামোতে নিয়ে আসতে, এবার সরকারি অনুমোদন মিললো। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা ২০১৭ এর খসড়ায় অনুমোদন দেয় সরকার।

বৈঠকে নতুন এই নীতিমালায় উবারের মতো সার্ভিসগুলোকে আইনি বৈধতা দিয়ে বিআরটিএ’কে তদারকির দায়িত্ব দেয়া হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, কোনো যানবাহনকে রাইড শেয়ারিং পদ্ধতিতে দিতে হলে, অবশ্যই এক লাখ টাকা ফি প্রদান করে বিআরটিএ থেকে সংযুক্তি সনদ নিতে হবে। এসব যানের ভাড়া নির্ধারণ ও অনুমোদন সার্টিফিকেট দেবে বিআরটিএ। মালিক, চালক ও যাত্রী সুরক্ষায় দেয়া হয়েছে ১১টি শর্ত। নীতিমালা অমান্য করলে অনুমোদন সার্টিফিকেট বাতিলেরও বিধান রাখা হয়েছে।

২০১৬ সালের ২২ নভেম্বর থেকে বাংলাদেশে চালু হয় অ্যাপভিত্তিক রাইড শেয়ার সেবা উবার। এরপর একের পর এক বাজারে আসে পাঠাও, চলো, বাহনসহ বেশ কয়েকটি অ্যাপ। কিন্তু সরকারি কোন অনুমতি ছাড়াই ঢাকায় চলছে এসব সেবাকে বৈধতা দিলো মন্ত্রিসভা। তবে শর্ত জুড়ে দেয়া হয়েছে ১১টি। কোম্পানি অনুমোদনের জন্য ১ লাখ টাকা ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। একটি কোম্পানির ঢাকা মহানগরের জন্য ১০০টি, চট্টগ্রাম মহানগরে ৫০টি ও অন্যান্য মহানগরে অন্তত ২০টি যানবাহন থাকতে হবে।

নীতিমালায় চলমান ট্যাক্সিক্যাবের সাথে সামঞ্জস্য রেখে রাইড শেয়ারিং যানবাহনের ভাড়া ঠিক করতে বলা হয়েছে। নির্ধারিত স্ট্যাস্ড ছাড়া যেখানে সেখানে রাইড শেয়ারিং যান অপেক্ষায় থাকতে পারবে না।

অনলাইন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে