
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর বর্তমান গতিপথ অনুযায়ী বাংলাদেশের উপকূলে এর প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। আজ সোমবার (২৪শে মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘আল্লাহ এখনও আমাদের অনেকটা টেনশনমুক্ত রেখেছেন, নিম্নচাপটি সকাল ৬’টায় ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি এখনও অতটা শক্তিশালী হতে পারেনি। উড়িষ্যা উপকূল থেকে ৫০০’কিলোমিটার এবং বাংলাদেশের উপকূল থেকে ৬০৫’কিলোমিটার দূরে অবস্থান করছে। উত্তর-পশ্চিম অংশে সরাসরি উড়িষ্যার দিকে এর গতিপথ। যদি এই গতিপথ একই রকম থাকে তবে বাংলাদেশে উপকূলে ক্ষতির কোনো প্রভাব হবে না বলে আমরা আশা করছি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ঘূর্ণিঝড়টি এখন পশ্চিম দিকে আছে। আর বাংলাদেশের অবস্থান উত্তর ও উত্তর-পূর্ব দিকে। এটা যদি কোনো কারণে উত্তর দিকে বা উত্তর-পূর্ব দিকে দিক পরিবর্তন করে এবং গতিবেগ যদি বাড়ে এবং বাংলাদেশের উপকূলের নিকটবর্তী হয় তখন মহাবিপদ সংকেত দেব। তখন দুর্যোগপূর্ণ এলাকা থেকে আশ্রয়কেন্দ্রে নেয়ার জন্য নির্দেশনা দিয়ে দেব।’
আবহাওয়া অধিদফতরের তথ্যনুযায়ী, আজ সোমবার দুপুরে দিঘা থেকে ৬২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। ইয়াস-এর প্রভাবে সোমবার বিকেল থেকেই ভারতের উপকূল এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে বলে জানা গেছে। গত ৬’ঘণ্টা ধরে ঘণ্টায় ২’কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ইয়াস। ঘূর্ণিঝড় যত স্থলভাগের দিকে এগোবে তত তার গতিবেগ বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় এ মুহূর্তে ১৬ ডিগ্রি ৪ মিনিট উত্তর অক্ষাংশ ও ৮৯ ডিগ্রি ৬ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এ মুহূর্তে ভারতের আন্দামানের পোর্ট প্লেয়ার থেকে ৬২০ কিলোমিটার উত্তরে উত্তর-পশ্চিম, ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব, ওড়িশার বালেশ্বর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব ও পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ইয়াস। বর্তমান যে অবস্থা তাতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেয়া আছে। এ অবস্থায় থাকলে আর বাংলাদেশের জন্য সংকেত বাড়ানোর প্রয়োজন হবে না’ বলে জানানো হয়।
https://www.youtube.com/watch?v=YLbfeEKkc48
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























