অনলাইনে হেফাজতের পক্ষে গুজব ছড়ানো হয়েছে বিদেশ থেকে। মাদ্রাসার ছাত্রদের তাণ্ডব চালাতে বাধ্য করা হয়েছে। তদন্তে এসব তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। ইন্টারপোলের মাধ্যমে বিদেশি চক্রটিকে বিচারের আওতায় আনার চেষ্টা চলছে।
নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদের নামে ঢাকা ও ঢাকার বাইরে তাণ্ডব চালায় হেফাজত। এ নিয়ে সারাদেশে মামলা হয়েছে শতাধিক। প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, তাণ্ডব চালাতে উস্কানি দেয়া হয়েছে বিদেশ থেকেও । তাণ্ডবের পরও হেফাজতের সমর্থন বাড়াতে ছড়ানো হচ্ছে গুজব। এটি করছে একটি চক্র।
প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হচ্ছে তাদের। দেশের বাইরে অবস্থান করায় এদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেয়া হচ্ছে। এ কে এম হাফিজ আক্তার আরো জানান, সাম্প্রতিক তাণ্ডব চালাতে টাকা এসেছে দেশ-বিদেশ থেকে। মামুনুল হকসহ হেফাজত নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে টাকার যোগানদাতাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। লকডাউন উঠে গেলে মাদ্রাসা ছাত্রদের হেফাজত যাতে নতুন করে সহিংসতা চালাতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























