রাজধানীর পল্লবী, মিরপুর, কাজীপাড়া ও আগাররাগাঁও এলাকার পর এবার ফার্মগেইট ও বাংলামোটর এলাকায় শুরু হচ্ছে “ম্যাস র‍্যাপিড ট্রানজিট বা মেট্রো রেলের কাজ”। খুব শিগগিরি ব্যস্ততম এ এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিকল্প রাস্তা ব্যবহারের আদেশ জারি করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। খুব প্রয়োজন না হলে এ সড়কটি পরিহার করারও অনুরোধ করছে ডিএমপি।

পুরোদমে কাজ শুরু না হলেও ফার্মগেইট থেকে কারওয়ানবাজারের সার্কফোয়ারা পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। চার লেনের এ সড়ক পরিণত হয়েছে ২ লেনে। এতে খুব বেশি জ্যাম না থাকলেও অফিস সময়ে ছোটখাটো যানজটে পড়তে হচ্ছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ এ সড়কে জনভোগান্তি এড়াতে মিরপুর কিংবা গাবতলী যাতায়াতে পান্থপথ হয়ে মিরপুর সড়ক ব্যবহার করার পরামর্শ দেবে। উত্তরা-গুলশান-বনানী রুটে যাতায়াতকারীদের মগবাজার ফ্লাইওভার ব্যবহারের নির্দেশনাদেয়া হবে। খুব বেশি দিন যাতে জনগণের ভোগান্তি না হয়, সে ব্যাপারে মেট্রোরেল কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগকে নজর রাখার কথা বলছেন সাধারণ মানুষ।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ রেলপথটির প্রথম ধাপে চালু হবে পল্লবী থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত। ২০১৯ সালের মধ্যে এই ১১ কিলোমিটার রেলপথ চালুর পরিকল্পনা আছে। দ্বিতীয় ধাপে সোনারগাঁও হোটেল থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ৪ দশমিক ৪০ কিলোমিটার পথ চালুর পরিকল্পনা আছে ২০২০ সালে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে