রাত পোহালেই শুরু হচ্ছে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ১০ দিনব্যাপী অনুষ্ঠানের মূল কার্যক্রম। বুধবার (১৭ই মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে এই আয়োজনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।

উদ্বোধনীতে অংশ নিতে আগামীকাল (বুধবার) বাংলাদেশে আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। এ উপলক্ষ্যে নগরীকে সাজানো হয়েছে বর্ণিল রঙে, চারদিকে উৎসবের আমেজ।

জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে সরকার প্রথমে ব্যাপক কর্মসূচি হাতে নিলেও করোনা অতিমারির কারনে তা বাধাগ্রস্ত হয়। তবে জাতীয় জীবনের এই বিশেষ মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয় নতুন পরিকল্পনা। সেই ধারাবাহিকতায় আগামীকাল শুরু হচ্ছে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মূল কার্যক্রম। ২৬শে মার্চ পর্যন্ত ১০ দিন ব্যাপি এই অনুষ্ঠানমালার নাম- ‘মুজিব চিরন্তন’।

জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১৭ই মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহ। ভিডিও বার্তা পাঠাবেন চীনের রাষ্ট্রপতি শি জিন পিং এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এছাড়া ১৯শে মার্চ উপস্থিত থাকবেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাকশে, ২২শে মার্চ নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারি, ২৪শে মার্চ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং ২৬শে মার্চের অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১০দিন ব্যাপী এই অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠাবেন ওআইসি সেক্রেটারি জেনারেল ইউসেফ আল ওথাইমিন, পোপ ফ্রান্সিস এবং দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীসহ বিশ্বনেতারা। এসব অনুষ্ঠানে বাংলাদেশের পাশাপাশি ভারত, ভুটান, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন। ইতোমধ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিল্পীরা তাদের শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন।

মুজিব জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাজধানীকে সাজানো হয়েছে বর্ণিল রঙে। বিভিন্ন সড়কদ্বীপ ও রাস্তার পাশে রঙ্গিন পতাকার পাশাপাশি শোভা পাচ্ছে বিভিন্ন পোস্টার, ব্যানার যেখানে তুলে ধরা হয়েছে দেশের সামগ্রিক অর্জনের চিত্র। এছাড়া নগরীর বিভিন্ন প্রান্তে লাগানো হয়েছে বাংলাদেশ সফররত বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানদের ছবি। রাতে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনে করা হয়েছে আলোকসজ্জা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে