শুক্রবার ভোরে রাজধানীর পল্লবী থেকে টেলিভিশন উপস্থাপিকা ও অভিনেত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও মোবাইল ফোনে আপত্তিকর ক্ষুদে বার্তা পাঠানোর অভিযোগের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব-৪) শিহাব মাহমুদ ফাহিম নামে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যয়নরত এক তরুনকে আটক করে। তার কাছ থেকে বিকৃতভাবে তৈরী করা একাধিক শোবিজ তারকার অশ্লীল ছবি ও বার্তাসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রাজধানীর মুগদা থানায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে মামলা করা হয়, মামলা নম্বর-২০। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের কথা স্বীকার করেছেন।

ঘটনার শিকার টিভি উপস্থাপিকার দায়ের করা এজাহারে বলা হয়েছে, গত কয়েক মাস আগে ফাহিম তাকে ফেসবুকে বিজ্ঞাপনে মডেল হওয়ার প্রস্তাব দিলে তিনি রাজী না হওয়ায় তার মোবাইল নম্বরে অনবরত আপত্তিকর ক্ষুদে বার্তা প্রেরণ করতে থাকে। এছাড়াও ফাহিম ফেইসবুক মেসেঞ্জার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মোবাইল নম্বরসহ ফটোশপে এডিট করা অশ্লীল ছবি আপলোড করতে থাকে। পরে তিনি বিষয়টি র‌্যাব-৪ কার্যালয়ে জানান। মামলার বাদীকে ফাহিম বারংবার হেনস্তা করার চেষ্টা করলে একসময় তিনি ফাহিমকে মিরপুরের একটি রেস্টুরেন্টের কাছে দেখা করার জন্য আসতে বলেন এবং বিষয়টি তিনি র‌্যাব অফিসকে জানান। র‌্যাব টীম সেখান থেকে ফাহিমকে আটক করে তার সাথে থাকা মোবাইল ফোন থেকে প্রায় ৫০টি অশ্লীল ছবিসহ বেশ কিছু আলামত জব্দ করেন।

মামলার বাদীর সাথে কথা বললে তিনি জানান, বিজ্ঞাপনের মডেল হতে রাজী না হওয়াতেই ফাহিম এসব করেছে। আমি তাকে প্রথমে ভালোভাবে নিষেধ করেছিলাম, কিন্তু সে আমার কথা আমলে নেয়নি বলেই আমি বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। তিনি আরো জানান, ফাহিম ভুয়া পরিচয় দিয়ে বিজ্ঞাপনের কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন মেয়েদেরও ফাঁদে ফেলে। তার প্রস্তাবে রাজী না হলেই ফাহিম তার পরিচালিত ফেইসবুক পেজগুলোতে ঐসব তরুনীদের কুরুচিপূর্ণ পোস্ট দিতে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক তরুনী জানান, ফাহিম তাকে বারংবার অশ্লীল মন্তব্যও কুরুচিপূর্ণ ছবি সম্বলিত পোস্ট দিয়েছে। এসবের ফলে অনেক তরুনীই সামাজিকভাবে হেনস্তার শিকার হয়েছে। মামলার বাদী জানান, আমি অন্যায় কিছু করিনি বরং একটা অপরাধীকে শাস্তি দাওয়ার চেষ্টা করেছি যাতে ভবিষ্যতে এমন অপকর্ম করার আগে যে কেউ ভাবে, আমার নাম প্রকাশ হলেও ভয় পাইনা-সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি অন্যায়ের প্রতিবাদে এগিয়ে এসেছি।

গাজী মামুন
বিশেষ প্রতিনিধি, বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে