নিবন্ধিত ১২টি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তাদের শর্ত পালন করছে কি না এ বিষয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এ চিঠি জবাব দেয়নি বেশ কিছু রাজনৈতিক দল। আবার কেউ কেউ সময় চেয়ে আবেদন করেন। যে দলগুলো চিঠির কোনো জবাব দেয়নি, সেই ১২টি দলকে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন।
এসব দলের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না, তা ১৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনে জানাতে নোটিশে বলা হয়েছে। ইসির যুগ্ম-সচিব আবুল কাসেম সই করা নোটিশ দলগুলোর কাছে পাঠানো হবে বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানানো হয়।ইসির প্রশাসনিক কর্মকর্তা ওসমান গনি জয় জানান, এর আগে ১ নভেম্বর পাঠানো চিঠিতে ১৫ কার্যদিবসের মধ্যে রাজনৈতিক দল হিসেবে ইসির দেয়া শর্ত দলগুলো পালন করছে কি না তা জানানোর জন্য বলা হয়েছিল।ইসির নিবন্ধিত ৪০টি দলের অর্ধেকের মতো দল তাদের জবাব দিয়েছে। এছাড়া সময় চেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে এই পাঁচ দলকে ৩০ কার্যদিবসের মধ্যে ইসির জবাব দিতে বলে কমিশন।সূত্র জানায়, ১২টি দল নির্ধারিত সময়ে কোনো জবাব দেয়নি। এমনকি অতিরিক্ত সময়ও চায়নি কমিশনের কাছে। তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেন নেয়া হবে না, তা ১৫ কার্যদিবসের মধ্যে ইসিতে জানাতে বলা হয়েছে।তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলসহ (বাসদ)১২ দলকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























