যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রাথমিক ফলাফলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হলেও ঝুলে আছে ছয়টি রাজ্যের ভোট গণনা। তাই কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট তা এখনো অনিশ্চিত। তবে পরিসংখ্যান বলছে, জয়ের খুব কাছেই আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এরইমধ্যে একটি প্রেসিডেনসিয়াল ট্রানজিশন ওয়েবসাইটও চালু করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল মোট ভোটের সংখ্যা ৫৩৮। যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এই হিসাবে জয়ের খুব কাছাকাছিই আছেন জো বাইডেন। ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ২১৩টি ভোট। আর বাইডেনের হাতে আছে ২৫৩টি ভোট। অর্থাৎ জয়ের বন্দরের খুব কাছে বাইডেন। তবে এখনো অনিশ্চিত কে হবে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।

সাধারণত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী যখন প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন একটি প্রেসিডেনসিয়াল ট্রানজিশন ওয়েবসাইট চালু করেন তিনি। দেশটিতে এক প্রেসিডেন্টের কাছ থেকে অন্য প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এটি। তবে ফল ঘোষণার আগেই ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির।

বাইডেনের ওই ওয়েবসাইটে বলা হয়েছে, মহামারি থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বর্ণ বৈষম্যমূলক অবিচার পর্যন্ত বহু সমস্যায় জর্জরিত আমেরিকা। আর ট্রানজিশনাল দল এখন থেকেই সমস্যা সমাধানে প্রস্তুতি নেয়া শুরু করবে। যেন দায়িত্ব নেয়ার পর প্রথম দিন থেকেই কাজ শুরু করতে পারবেন তারা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে