মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে পিছিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প টুইট করে তার প্রতিপক্ষের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছেন।
ডোনাল্ড ট্রাম্প বিরোধী পক্ষকে অভিযুক্ত করে বলেছেন, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু তারা নির্বাচন চুরির চেষ্টা করছে। আমরা কখনোই তাদের সেটা করতে দেবো না। নির্বাচন শেষ হওয়ার পরে ভোট গ্রহণ করা যায় না। পুরো নির্বাচনের সময় জুড়ে প্রেসিডেন্ট ট্রাম্প ভোট চুরির নানা অভিযোগ তুলেছেন, তবে সেসবের পক্ষে কোন তথ্যপ্রমাণ দেননি।
অবশ্য ডোনাল্ড ট্রাম্পের এই টুইটের ব্যাপারে সতর্ক করে দিয়ে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠান টুইটার বলেছে, সেখানে নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী তথ্য থাকতে পারে এবং নির্বাচন নিয়ে সঠিক তথ্য খুঁজে দেখার জন্য টুইটার ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে।

ডেলাওয়ারে জো বাইডেন এক বক্তৃতায় বিজয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে সবাইকে ভোট গণনা পুরোপুরি শেষ না হওয়ার পর্যন্ত অপেক্ষা করার আহবান জানান।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























