কয়েক মাস ধরেই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে নতুন কোনো ছবি জমা পড়েনি। তাই ছবি দেখার কোনো কার্যক্রমও নেই।যেই বোর্ড থেকে চলচ্চিত্র সিনেমা হলে প্রদর্শনের অনুমতি পায়, সেই বোর্ডেই নতুন কোনো ছবি জমা নেই।
সেন্সর  বোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু জানান, কয়েক মাস ধরেই বোর্ডে বাংলাদেশের নতুন ছবি জমা পড়ছে না। এটা খুবই হতাশাজনক ব্যাপার। ঢাকাই ছবির ইতিহাসেও এমন ঘটনা বিরল।
চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, চলচ্চিত্রশিল্পের এই করুণ পরিণতি এক দিনে হয়নি। প্রত্যেক বছরই কমছে ছবি নির্মাণের সংখ্যা। গত বছরের তুলনায় এই বছর ১০টি ছবি কম নির্মাণ হয়েছে। এখন অনেকটাই প্রকট আকার ধারণ করেছে। এ থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সবাইকে। একসঙ্গে কাজ করতে হবে এবং ছবি নির্মাণের সংখ্যা বাড়াতে হবে। চলচ্চিত্র নির্মাণ পর্যায়ে যে সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধান করতে হবে।
জানা গেছে, পরিচালক সমিতিতেও ছবির নাম নিবন্ধনের সংখ্যা কমে গেছে অনেক। গত বছর ১৯৭টি ছবির নাম নিবন্ধিত হলেও এই বছরে এসে সেটা কমে দাঁড়িয়েছে ১৬৩ তে। অনেকেই বলছেন, ইন্ডাস্ট্রির অস্থিতিশীলতা আর দলাদলির কারণেই ক্রমান্বয়ে ছবি কমে যাচ্ছে। এমনকি যারা কাজ করছে, তাদের কাজের পথেও অনেকেই বাধা তৈরি করার ফলে বিঘ্নিত হচ্ছে ছবির নির্মাণ।
সাব্বির আহমেদ শ্রাবণ
বিনোদন ডেস্ক,বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে