দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট। আজ রোববার(৪’ই অক্টোবর) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইটের উদ্বোধন করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১১টা ১৫ মিনিটে ২৩২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।

সিলেটবাসী সরাসরি লন্ডন যেতে বিমানের মোবাইল অ্যাপ, সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমানের ওয়েবসাইট ও বিমানের কল সেন্টার (০১৭৭৭ ৭১৫৬১৩-১৬) থেকে সিডিউল ফ্লাইটের টিকিট কিনতে পারবেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে