সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন মহাসড়কের দুপাশে ভারত থেকে আমদানিকৃত পচা পেঁয়াজ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। যার কারণে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। দুর্গন্ধে ওই এলাকা দিয়ে যাতায়াত করতে পারছেননা স্থানীয়রা। ফেলে রাখা এসব পচা পেঁয়াজ অপসারণের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়রা জানান, ভোমরা স্থলবন্দরের আধা-কিলোমিটার থেকে পচা পেঁয়াজ ফেলা শুরু হয়েছে। প্রায় দেড় কিলোমিটার ব্যাপী শত শত বস্তা পেঁয়াজ ফেলে রাখা হয়েছে। যতই দিন গড়াচ্ছে বৃষ্টিতে ভিজে পেঁয়াজের দুর্গন্ধ আরো বেশি ছড়াচ্ছে।
ভোমরা গ্রামের আবু জাফর জানান, গতবছরও পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার পর শত শত বস্তা পেঁয়াজ রাস্তায় ফেলে দেয়া হয়েছিল। পরিবেশ অধিদপ্তর বা স্থানীয় কোনো প্রশাসন পচা পেঁয়াজ অপসারণের উদ্যোগ নেয়নি। ফলে এলাকার অনেকেই অসুস্থ হয়ে যায়। একই গ্রামের রমজান মোল্যা জানান, ভোমরা-খুলনা মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। হাজার হাজার ট্রাকসহ অন্যান্য যানবাহন ওই রাস্তা দিয়ে চলাচল করে। অথচ এমন একটা গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে দেড় কিলোমিটার ব্যাপী এমনভাবে পচা পেঁয়াজ ফেলে রাখা সমীচিন নয়। ব্যবসায়ীরা পচা পেঁয়াজ নির্দিষ্ট স্থানে রাখতে পারে।
তবে এই বিষয়ে ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আব্দুল গফুর বলেন, স্থলবন্দর সংলগ্ন বিভিন্ন স্থাপনা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। ময়লা ফেলতে হয় যত্রতত্রভাবে। পেঁয়াজ ফেলারও সুনির্দিষ্ট জায়গা নেই বলে রাস্তার পাশে ফেলা ছাড়া কোনো উপায় নেই। এই বিষয়ে কথা বলার জন্য পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শরিফুল ইসলামের সাথে যোগায়োগের চেষ্টা করলেও তার সেল ফোন বন্ধ পাওয়া যায়।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গত তিনদিনে ৯শ ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ৪০টি ট্রাকে এই পেঁয়াজ আমদানি করা হয়। ভোমরা স্থলবন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গা স্থলবন্দরে দীর্ঘদিন পেঁয়াজবাহি ট্রাক আটকে থাকায় অর্ধেক পেঁয়াজ পচে যায়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























