ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এখন চলছে শেষ মুহূর্তের রং তুলির কাজ। এদিকে আজ থেকে শুরু হয়েছে, মঙ্গল শোভাযাত্রায় অর্থায়নের জন্য শিল্পীদের চিত্রকর্ম বিক্রয়ের প্রদর্শনী। চারুকলা অনুষদে এই আয়োজনে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের এই কর্মযজ্ঞ জানান দিচ্ছে দরজায় কড়া নাড়ছে ১৪২৪ বঙ্গাব্দ। আয়োজকরা বলছেন, প্রতিবারের মত এবারো ভিন্ন কিছু দেয়ার চেষ্টা থাকবে তাদের শিল্পকর্মে। প্রবল হয়ে উঠছে শিল্পীর হাতের তুলির ব্যস্ততা। রঙিন আঁচড়ে যতই গভীর হচ্ছে প্রতিবাদের ভাষা, ততই ঘনিয়ে আসছে অশুভকে বিদায়ের ক্ষণ। এদিকে, শোভাযাত্রায় অর্থায়নের জন্য শিল্পীদের চিত্রকর্ম বিক্রয়ের প্রদর্শনী ঘুরে দেখেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। বলেন, অশুভকে বিদায় জানাতেই প্রতিবছর ঘুরে আসে পহেলা বৈশাখ।

পুরো অনুষদ জুড়ে শিক্ষার্থী ছাড়াও বিখ্যাত চিত্র শিল্পীদের আঁকা কয়েকশো ছবি প্রদর্শন করা হচ্ছে। জনসাধারণের জন্যে এ আয়োজন উন্মুক্ত থাকবে চৈত্র সংক্রান্তি পর্যন্ত।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে