২০১৬ সালের মার্চ থেকেই আড়ালে ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ সময় পর আড়াল ভেঙে তিনি জানালেন, চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে। বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরে সরাসরি সাক্ষাৎকারে তিনি হাজির হন সাত মাসের শিশুপুত্র নিয়ে।

চলচ্চিত্রঅঙ্গন থেকে উধাও প্রায় এক বছর। নানান গুঞ্জন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস জানালেন, ২০০৮ সালের ১৮ এপ্রিল দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে চিত্রনায়ক শাকিব খানের সাথে বিয়ে হয়েছে তার। ধর্মান্তরিত হয়ে তার নাম হয় অপু ইসলাম খান।

শাকিব খানের ইচ্ছাতেই বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছে বলে জানান অপু। দাবি করেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় মিডিয়ার সামনে এসেছেন তিনি। নিজে ঠকলেও ঠকাতে চান না সন্তান আব্রাহাম খান জয়কে। গত বছরের সেপ্টেম্বরে কলকাতার একটি ক্লিনিকে জন্ম নেয়া সন্তানসহ দশ মাস অপু কোথায় ছিলেন, কেমন ছিলেন জানাতে গিয়ে কান্নায় জড়িয়ে আসে অপুর কণ্ঠ। নিজের এ অবস্থার জন্য দায়ী করেন শাকিব খানকে।

শকিব খানের সঙ্গে আরেক চিত্রনায়িকা বুবলির সম্পর্ক নিয়ে আপত্তি আছে অপুর। এ নিয়ে দীর্ঘ দিন শীতল সম্পর্ক চলছে দুজনের। এর জের ধরেই সোমবার আড়াল ভাঙেন অপু। শিগগিরই আবার চলচ্চিত্রে ফিরবেন… ভক্তদের এমন আশ্বাসও দিয়েছেন অপু বিশ্বাস। এই সাক্ষাৎকারের পর সংবাদ মাধ্যমের কাছে দুজনের সম্পর্কের কথা স্বীকার করেছেন শাকিব খান। তবে বলেছেন, সন্তানের দায়িত্ব নিলেও নেবেন না অপুর দায়িত্ব।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে