বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভিক্ষুকের জাতি হিসেবে নয় এদেশকে উন্নত-সমৃদ্ধ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এজন্য কৃষক-শ্রমিকসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়াতে হবে। উন্নত জাতের ফসল উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উৎসাহ দিতে হবে। কৃষকদের জন্য প্রণোদনা অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক বিএনপি তা চায় না। কারণ খাদ্যে ঘাটতি থাকলে বিএনপি তা বাইরে দেখিয়ে সাহায্য আনবে। এটাই বিএনপির উদ্দেশ্য থাকে। আবার সেই সাহায্য যাদের প্রয়োজন, তাদের হাতে না দিয়ে নিজেরাই সিংহভাগ ভোগ করবে, এমনটাই চায় বিএনপি।
প্রধানমন্ত্রী বলেন, নিজেদের সম্পদ নিজেরা ব্যয় করব। কারও কাছে হাত পেতে চলতে হবে না। এই অর্জনের পেছনে আমাদের সকলেরই অবদান আছে। আমরা চাই বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে ।
শেখ হাসিনা বলেন, আমরা প্রতিটা খাতের উন্নতি করেছি। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে দেশে খাদ্য ঘাটতি ফেলল। ২০০৯ সালে আমরা ক্ষমতায় এসে দেখি সাক্ষরতার হার কমেছে, খাদ্য ঘাটতি বেড়েছে। দেশের মানুষ্যের ভাগ্য উন্নয়নে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু কাজ করেছেন। তিনি দেশ গঠনে নানা কাজ করেছেন। দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করেছেন। ক্ষুদ্র ভূমিহীন কৃষকদের জন্য কাজ করেছেন।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ
























