সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা। নৌকা প্রতীকে প্রায় ৯৬ হাজার ভোট পেয়েছেন তিনি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু মিয়া, সিংহ প্রতীকে পেয়েছেন ৪২ হাজারে কিছু বেশি ভোট।
সুরুঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ার পর অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েছিলো দিরাই-শাল্লাবাসী। উপনির্বাচনে তার স্ত্রী ড. জয়া সেনগুপ্তার জয়ে নতুন অভিভাবক পেয়ে খুশি সুনামগঞ্জ-২ আসনের মানুষ। হাওর অধ্যুষিত দিরাই-শাল্লার মানুষের প্রত্যাশা, যোগাযোগ ব্যবস্থাসহ হাওর এলাকার উন্নয়নে লড়াই করবেন জয়া সেন। আওয়ামী লীগ নেতারাও জানালেন, সর্বাত্মক সহযোগিতা করবেন জয়া সেনগুপ্তাকে। জয়ের মালা পড়ে মরহুম স্বামীর অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন জয়া সেনগুপ্তা।
হাওর-ভাটির জনপদ দিরাই-শাল্লায় সাত বার জয়ী হয়েছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গত ৫ ফেব্রুয়ারি, মারা যান এই বর্ষীয়ান রাজনীতিক। পরে তৃণমূলে দাবি ওঠায় এই আসনের উপনির্বাচনে সুরঞ্জিতের স্ত্রী জয়া সেনগুপ্তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ
























