বিশ্বজুড়ে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করার আহ্বানে, ঢাকায় আজ শনিবার শুরু হয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলন। পার্লামেন্টের বিধিবিধান, এমপি-মন্ত্রীদের ক্ষমতা ও নারীর ক্ষমতায়নের পাশাপাশি এর আলোচ্যসূচিতে রয়েছে জঙ্গিবাদ দমনের কৌশল। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনে এসব কথা জানান জাতীয় সংসদের স্পিকার ও আইপিইউর বর্তমান প্রেসিডেন্ট।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আই/পি/ইউর পাঁচ দিনের সম্মেলনে অংশ নিচ্ছেন ১২০ দেশের ৪৫ জন স্পিকার, ৩৭ জন ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সদস্য ও সহযোগী সংস্থাসহ দেড় হাজারের বেশি প্রতিনিধি। সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ১৩৬তম এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আয়োজনকে, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় ‘বড় অর্জন’ হিসেবে অভিহিত করছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সারা বিশ্বে ছড়িয়ে পড়া জঙ্গিবাদ দমনে সরকারের পাশাপাশি পার্লামেন্টের ভূমিকা নির্ধারণেও আলোচনা হবে ঢাকা সম্মেলনে। শুধুমাত্র সামরিক কৌশল দিয়ে এর মোকাবেলা সম্ভব নয় বলে মনে করেন আইপিইউর বর্তমান প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী।

অসমতা ও বিচারহীনতাকে বিশ্বব্যাপী সহিংস উগ্রবাদের বড় কারণ উল্লেখ করে, এবারের সম্মেলনে এ বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে বলে জানান আইপিউর সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং। এদিকে, এক বিবৃতিতে এ সম্মেলনে যোগ না দেয়ার কথা জানিয়েছে পাকিস্তান। এ মুহূর্তে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পাকিস্তানের প্রতিনিধি দলের সফরের অনুকূলে নয় বলে জানিয়েছে ইসলামাবাদ।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে