করোনা আতঙ্কের মধ্যেই মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা। বিশেষ সতর্কতা মেনে ঈদের নামাজ আদায়ে বিশ্বের বড় বড় মসজিদে জড়ো হন মুসল্লিরা। জামাতে অংশ নেন নানান বয়সী নারী-পুরুষ। তবে, সবার মাঝেই ছিল করোনা রোধে সতর্কতা।

মঙ্গলবার সকালে সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদুল নববীতে অনুষ্ঠিত হয় ঈদের সবচেয়ে বড় জামাত। মসজিদুল হারামে জামাতে ইমামতি করেন শেইখ আব্দুল্লাহ আওয়াদ আল জুহানি। এতে অংশ নেন হজযাত্রীরা।

করোনা ঝুঁকি এড়াতে ঈদের সময়ও সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। নিষেধাজ্ঞা না মানলে গুনতে হবে ৫ হাজার থেকে ১০ হাজার দিরহাম জরিমানা। করোনার কারণে ২৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত লকডাউন চলছে ওমানে। ফলে কড়াকড়ির মধ্যেই এবারের ঈদ কাটাতে হচ্ছে ওমানের বাসিন্দাদের।

ইন্দোনেশিয়ায় ঈদের অন্যতম বড় জামাত হয় জাকার্তার আল আজহা মসজিদ প্রাঙ্গণে। যোগ দেন কয়েক হাজার মানুষ। এতে পুরুষের পাশাপাশি শরিক হন নারীরাও। অবশ্য, করোনার কারণে মানতে হয়েছে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিতসহ নানা বাধ্যবাধকতা। নামাজ শেষে পরস্পরের সাথে কোলাকুলি করা থেকে বিরত থাকেন মুসল্লিরা। প্রার্থনা করেন করোনা মুক্তির। এক বাসিন্দা বলেন, করোনা মহামারির মধ্যেই দিন কাটাচ্ছে বিশ্ববাসী। এখনো এই রোগের কোন প্রতিষেধক আবিষ্কার হয় নি। মহান আল্লাহর কাছে আমরা এই দুর্যোগ থেকে পরিত্রাণের প্রার্থনা করেছি।

ঈদুল আযহার প্রধান আনুষ্ঠানিকতা কোরবানি। স্রষ্টার সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি দেন সামর্থ্যবানরা। মালয়েশিয়ায় ঈদের নামাজের পরপরই স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় পশু কোরবানি।

এদিকে কুয়েতে ঈদের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রবাসী বাংলাদেশিরাও। স্পেনে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিধান মেনে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মসজিদের মর্যাদা পাওয়ার পর তুরস্কের আয়া সোফিয়ায় ঈদের নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ।

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপিত হবে শনিবার। করোনা আতঙ্কের মধ্যেই এবার ঈদুল আযহার প্রস্তুতি নিয়েছে মুসলিম বিশ্ব। করোনায় বিপর্যস্ত অর্থনীতির প্রভাব পড়েছে পশু বেচাকেনার ওপর। ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকলেও অনেক স্থানেই উপেক্ষিত হয়েছে সামাজিক দূরত্ব আর মাস্ক পরার বাধ্যবাধকতা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে