টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে আবারো শুরু হয়েছে মাছ ধরা। বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হয়েছে নিষেধাজ্ঞা। গত ২০ মে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে তার আগে থেকেই করোনাভাইরাস মহামারীর কারণে মাছ ধরা বন্ধ ছিল।
সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় প্রাণ ফিরেছে জেলে পল্লিগুলোতে। চট্টগ্রাম নগরীর ফিশারী ঘাটের মৎস্য অবতরণ কেন্দ্রসহ উপকূলীয় নানা জায়গায় সাগরে যেতে প্রস্তুত জেলেরা। বৃহস্পতিবার বিকেল থেকেই ছেড়ে গেছে অনেক ট্রলার।
ইলিশ ধরায় নিষেধাজ্ঞার মেয়াদ শেষে রুপালি ইলিশ ধরার আশায় সাগরে যাত্রা শুরু করেছেন চট্টগ্রামের জেলেরা। নগরীর ফিসারিঘাট, মাঝিরঘাট, চাক্তাই, ফিরিঙ্গিবাজার, কাট্টলী আর জেলার সীতাকুণ্ড ও আনোয়ারা উপকূলে মাছ ধরার সব ট্রলার ও নৌকা প্রস্তুত। তবে জেলেরা বলছেন, তারা নির্দেশনা মেনে চললেও প্রতিবেশী দেশের জেলেরা এ সময় বঙ্গোপসাগরে মাছ ধরেছে। পটুয়াখালী ও বরগুনার জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় তারা সাগরে না গেলেও, ভারত-মিয়ানমারের জেলেরা দেশের জলসীমায় ঢুকে মাছ ধরেছেন। কোস্টগার্ডের হাতে আটকও হয়েছেন কয়েকশো ভারতীয় জেলে। তাই নিষেধাজ্ঞার সুফল নিয়ে প্রশ্ন তুলেছেন মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকেরা।
এদিকে, কক্সবাজারে সাগরে যাওয়ার সব আয়োজন শেষ হলেও বাধা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। এক সপ্তাহ ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ায় উত্তাল সাগর। তবে আবহাওয়া পরিস্থিতি মোকাবিলা ও করোনা সংক্রমণ ঠেকাতে নেয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।
জেলেরা বলছেন, ভবিষ্যতে প্রতিবেশী দুই দেশের সঙ্গে সমন্বয় করে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়া হলে সাগরে বাড়বে ইলিশসহ সব ধরনের মাছের সংখ্যা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























