বঙ্গোপসাগর শিল্প উন্নয়ন অঞ্চল গড়ে তুলতে চট্টগ্রামের মিরসরাইয়ে আরও ৫শ একর জমি অধিগ্রহণ করা হবে। নারায়ণগঞ্জের আড়াইহাজারেও অর্থনৈতিক অঞ্চল তৈরি হবে। এজন্য ৭৬২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, মিরসরাই শিল্প অঞ্চলে চীন-জাপানের পাশাপাশি অন্যান্য বিনিয়োগকারীরাও সুযোগ পাবেন।

দেশে বিনিয়োগের ক্ষেত্রে এখনও বড় সমস্যা জমি। নির্ভেজাল জমির অভাবে বিনিয়োগকারীরা ভোগান্তিতে পড়েন। এ সমস্যা দূর করতে দেশে একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। তবে বিদেশি বিনিয়োগকারীদের পছন্দ সমুদ্র ও নদী বন্দর এলাকা। সেই চাহিদার কথা মাথায় রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে তৈরি হচ্ছে দেশের প্রথম শিল্প উন্নয়ন অঞ্চল। এতে সর্বোচ্চ সংখ্যক বিনিয়োগকারীকে সুযোগ দিতে বাড়ানো হচ্ছে আকার। এজন্য আরও ৫শ একর জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে চীন-জাপান অগ্রাধিকারের তালিকায় থাকলেও অন্যান্যরাও গুরুত্ব পাবেন। এনইসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ আঞ্চলিক কেন্দ্র নির্মাণসহ মোট ৭টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ২শ ৩৮ কোটি টাকা।

পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, আট মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৩৭ ভাগ। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ ভাগ বেশি।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে