আকাশপথে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা সংগ্রহ শুরু হয়েছে। সোমবার রাজধানীর মহাখালীর ডিএনসিসি মার্কেটে করোনা আইসোলেশন সেন্টারে করা হয় নমুনা সংগ্রহ। তবে প্রথম দিনে কাউকেই স্বাস্থ্যবিধি মানতে খুব একটা সতর্ক থাকতে দেখা যায়নি। এছাড়া করোনা ফি অনলাইনে না নিয়ে নগদ নেয়ার দাবি জানিয়েছেন বিদেশগামীরা।

করোনা মহামারির কারণে জারি করা লকডাউন শিথিল করার পর বিদেশিদের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করে বেশিরভাগ দেশ। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ১২ই জুলাই বিজ্ঞপ্তি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে বাংলাদেশ বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ জুলাই থেকে আকাশপথে বিদেশগামীদের জন্য করোনার সনদ বাধ্যতামূলক। এর পরপরই বিদেশগামীদের করোনার নমুনা সংগ্রহ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। ফ্লাইট ছাড়ার অন্তত ৭২ ঘণ্টা আগে বিদেশগামীদের নমুনা দিতে হবে। এর আগে বা পরে নমুনা দিলে তা গ্রহণ করবে না সিভিল এভিয়েশন।

রাজধানীর মহাখালীতে নমুনা সংগ্রহের অস্থায়ী বুথে প্রথম দিনে ব্যাহত হয় স্বাস্থ্যবিধি। তেমন কেউই সচেতন ছিলেন না এ বিষয়ে। পরীক্ষার জন্য নির্ধারিত সাড়ে ৩ হাজার টাকা ফি অনলাইনে না দিয়ে নগদ জমা নেয়ার দাবি জানিয়েছেন বিদেশগামীরা।

ঢাকার সিভিল সার্জন জানান, নমুনা দেয়ার সময় পাসপোর্ট ও বিমানের টিকিটের ফটোকপি সঙ্গে আনতে হবে। নমুনা দেয়ার পর দিনই পাওয়া যাবে রিপোর্ট। নমুনা সংগ্রহের সময় স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে দু:খ প্রকাশ করেন তিনি।

করোনা পরীক্ষার জন্য সব জেলার সিভিল সার্জন কার্যালয়ে নমুনা জমা দিতে পারবেন বিদেশগামীরা। এসব নমুনা পরীক্ষার জন্য রাজধানীসহ সারাদেশে ১৬টি কেন্দ্র নির্ধারিত করে দিয়েছে সরকার।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে