ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সম্প্রসারিত অংশগুলোর অন্তর্ভুক্ত ৩৬টি ওয়ার্ডকে আগামী জুন মাসের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত করা হচ্ছে। এজন্য এপ্রিল মাসের ভেতরেই সকল প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তবে নির্বাচন অনুষ্ঠানের আগেই সংশ্লিষ্ট এলাকাগুলোর জনবল ও অবকাঠামো সঠিকভাবে নির্ধারণ করার পরামর্শ বিশ্লেষকদের।

গেল বছরের ২৮শে জুন তেজগাঁও সার্কেলভুক্ত ১৬টি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করে ঢাকার দুই সিটি করপোরেশনকে সম্প্রসারিত করা হয়। ফলে উভয় সিটি করপোরেশনের আয়তনই আগের তুলনায় প্রায় দ্বিগুন হয়ে যায়। এরইমধ্যে মেয়াদ শেষ হয়েছে ১৬টি ইউনিয়নেরই। অবশ্য অন্তর্ভুক্তির সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, নতুন ওয়ার্ড কাউন্সিলররা শপথ না নেয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে।

পরে ২৭শে সেপ্টেম্বর দুই সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়া ইউনিয়নগুলোকে ১৮টি করে ৩৬টি ওয়ার্ডে বিন্যাস করা হয়। কিন্তু নতুন করে মাতুয়াইল ও ডেমরা ইউনিয়নকে ঘিরে সীমানা জটিলতা তৈরী হওয়ায় ওয়ার্ডগুলোতে নির্বাচন করা সম্ভব হয়নি এতদিন। তবে এপ্রিল মাসের ভেতরে এ জটিলতা নিরসন করে জুন মাসের মধ্যেই নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক।

তবে নির্বাচন অনুষ্ঠানের আগে সংশ্লিষ্ট এলকাগুলোকে অবকাঠামোর দিক থেকে সিটি করপোরেশনভুক্ত এলাকাগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ করতে নিতে তাগিদ বিশ্লেষকদের। এজন্য দুই সিটি করপোরেশনকেই বিশেষ বরাদ্দ দেয়ার পরামর্শ স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে