আসন্ন ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টু’র প্রস্তুতি নিতে দক্ষিণ আফ্রিকার পরিবর্তে কেনিয়া যাবে বাংলাদেশ হকি দল। মূলত ভিসা জটিলতার কারণেই সেখানে যাওয়া হচ্ছে না হকি দলের। জানিয়েছে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আনভীর আদিল খান। সব ঠিক থাকলে আগামী মাসে মাঠে গড়াবে ৮ জাতির এই টুর্নামেন্ট।

আর ক’দিন বাদেই ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টু’র আসর বসছে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতির কাজ। তবে মাঠের লড়াইয়ে নামবেন যারা, সেই খেলোয়াড়দের প্রস্তুতিই প্রশ্নবিদ্ধ। কথা ছিল প্রতিযোগিতা শুরুর আগে বাংলাদেশ দল খেলতে যাবে দক্ষিণ আফ্রিকায়। কিন্তু ভিসা জটিলতায় যাওয়া হচ্ছেনা সেখানে। ফেডারেশনের ভাবনা আপাতত দলকে কেনিয়া পাঠানোর। টুর্নামেন্টের প্রভাব থাকবে বিশ্ব র‌্যাংকিংয়েও। এখানে ভালো করতে পারলে দল উঠে যাবে র‌্যাংকিংয়ের ওপরের সারিতে। অথচ, যেখানে খেলতে যাচ্ছে জিমি-আশরাফুলরা, সেই কেনিয়া কিন্তু র‌্যাংকিংয়ে বাংলাদেশের পেছনে। এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলের সাথে খেলতে যাওয়া ঠিক কতোটা যৌক্তিক, প্রশ্নের জবাবে ফেডারেশন কর্মকর্তার গলায় ইতস্তত ভাবটাই বেশি।

খেলাধুলায় হোম অ্যাডভান্টেজ বলতে একটি কথা থাকে। যেখানে ঘরের মাঠে বাংলাদেশের খেলা সেখানে প্রস্তুতি ম্যাচ খেলতে খেলোয়াড়রা যাচ্ছেন দেশের বাইরে! এরচে বরং দেশেই অন্য কোন দলকে ডেকে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ ছিল কিনা, এমন প্রশ্নে এই ফেডারেশন কর্তা জানালেন, মাঠের বিভিন্ন সমস্যার কথা। তবু শেষ মেষ মাঠের খেলাই বড় কথা। বৈশ্বিক এই টুর্নামেন্টে ভালো করুক জিমি-আশরাফুল কিংবা রোমান সরকাররা, এমন প্রত্যাশাই সবার।

স্পোর্টস ডেস্ক, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে