দশমবারের মত অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব । সমাপনী দিনে পুরস্কৃত করা হলো ক্ষুদে নির্মাতাদের। সেরা চলচ্চিত্রের পুরুস্কার পেয়েছে রিয়াদ সান ও নাহিদ পারভেজ নির্মিত চলচ্চিত্র দ্য পাপেট শো।

ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্নকে লালন করে শেষ হলো ক্ষুদে নির্মাতাদের সবচেয়ে বড় আসর আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। শেষ দিনে তাই সবাইকে আরেকটু অনুপ্রেরণা জোগাতে স্বপ্ন জয়ের গল্প শুনিয়ে গেলেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ও আয়োজক চিল্ড্রেন ফিল্ম সোসাইটির সভাপতি ড. মুহাম্মদ জাফর ইকবালের মতী গুণীজনেরা। বরাবরের মতোই এবারো উৎসবের সবচেয়ে আকর্ষণীয় ছিলো বাংলাদেশী শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগটি। উৎসবে এই বিভাগে প্রদর্শিত হয়েছে ২১টি ছবি। এর মধ্যে ৫টি ছবিকে দেয়া হলো পুরস্কার।

সেরা ছবির প্রথম পুরস্কার পেয়েছে ক্ষুদে নির্মাতা রিয়াদ সান ও নাহিদ পারভেজের দ্য পাপেট শো। ২য় নাবিদ হাসনাত ও শিফাতুল অপুর্বের ছবি বাক্সবন্দী, আর তৃতীয় হয়েছে সাইয়েদুল আবরারের ছবি অ্যালান কুর্দি ফ্রম হেভেন। পুরস্কার হিসেবে বিজয়ীরা পেয়েছে ক্রেষ্ট, সার্টিফিকেট ও আর্থিক প্রণোদনা। আন্তর্জাতিক শিশু নির্মাতাদের প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে অস্ট্রেলিয়ার ইন মেমোরি। বড়দের নির্মিত ছবির মধ্যে সেরা ছবি হয়েছে জার্মানীর অ্যাট আই লেভেল। সেরা স্বল্পদৈর্ঘ্যের পুরস্কার গেছে সুজারল্যান্ডের ছবি হাইডি অ্যট দ্য ফলি আর্টিস্টের ঘরে। সেরা পরিচালকের পদকটি পেয়েছেন বুলগেরিয়ার রিসতো সিমেওনভ।

এছাড়াও ১৮-২৫ বছর বয়সীদের বিভাগে পুরস্কার পায় হেমন্ত সাদিকের পরিচালনায় ছবি ‘আ লেটার টু গড’। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ের উপর সামাজিক চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে খেলাঘর নামের একটি স্টপমোশন অ্যানিমেশন । সাত দিনের এ উৎসবে ১১টি ভেন্যুতে ৫৪ দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হয়।

বিনোদন ডেস্ক, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে