কভিড-১৯ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার জন্য উপযুক্ত কর্মকৌশল ঠিক করতে আজ রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন সার্কভুক্ত দেশের নেতারা। বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে সার্কভুক্ত দেশের নেতারা কভিড থেকে নাগরিকদের সুরক্ষার কৌশল নিয়ে কথা বলবেন।

শনিবার রাতে এইতথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শুক্রবার টুইটে করোনাভাইরাসের কৌশল ঠিক করতে সার্কভুক্ত দেশের নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দেয়ার আহ্বান জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত দেশের নেতারা সেদিনই নরেন্দ্র মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়ে সম্মতি জানান। একমাত্র পাকিস্তান শনিবার ওই কনফারেন্সে যুক্ত হওয়ার কথা জানিয়েছে। তবে পাকিস্তানের পক্ষে সে দেশের স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

শুক্রবার বেলা পৌঁনে দুইটার পরপর দুটি টুইট করেন মোদি। প্রথমটিতে বলেন, ‘আমাদের পৃথিবী এই মুহূর্তে কভিডের বিরুদ্ধে লড়াই করছে। সব পর্যায়ে সরকার ও জনগণ পরিস্থিতির মোকাবিলায় যথাসাধ্য করছে।’ মোদি লেখেন, ‘নাগরিকদের সুস্থ রাখতে দক্ষিণ এশিয়ায় বসবাসকারী জনগণের সর্বতোভাবে সচেষ্ট হওয়া উচিত।’ দ্বিতীয় টুইটে তিনি সার্ক সদস্যভুক্ত দেশের নেতাদের উপযুক্ত কৌশল তৈরির ওই প্রস্তাব রাখেন, যা তার মতে গোটা পৃথিবীর কাছে ‘দৃষ্টান্তমূলক’ হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























