দেশে করোনাভাইরাসে তিনজনের আক্রান্ত হওয়ার খবরে বিমানবন্দর, হাসপাতাল ও বিভিন্ন স্থানে সতর্কতা জোরদার করা হয়েছে।
দেশের জনসাধারণকে আতঙ্কিত না হয়ে কারও মধ্যে করোনার কোনও রকম লক্ষণ দেখা দিলে হেল্পলাইন নাম্বারে যোগাযোগের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। তিন আন্তর্জাতিক বিমানবন্দরে জোরদার করা হয়েছে সতকর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘করোনাআক্রান্ত যেসব দেশ’ থেকে যাত্রীরা আসছেন তাদের পরীক্ষা-নিরীক্ষা করে বাইরে পাঠানো হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার জন্য মাত্র দুইজন কর্মী ও দুটো মেশিন থাকায় দীর্ঘ সময় লাগছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
আক্রান্ত দেশের যাত্রীদের সাথে যেন সাধারণরা মিলে না যায়, সেদিকে লক্ষ্য রাখছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে, চিহ্নিত ৬ টি দেশ থেকে আসা যাত্রীদের উপসর্গ থাকলে কুয়েত মৈত্রী, সিএমএইচ, কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হচ্ছে বলেন জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান। এদিকে, রাজধানীর হাসপাতাল গুলোতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। করোনা মোকাবেলায় হাসপাতালগুলোতে বিভিন্ন প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, রবিবার বাংলাদেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে তাদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে আইইডিসিআর। আক্রান্তদের মধ্যে একজন মহিলা এবং দুজন পুরুষ রয়েছেন। এদের মধ্যে দুজন ইতালি থেকে ভ্রমণ করে বাংলাদেশে এসেছেন। তাদের মধ্যে একজনের পরিবারের এক নারী সদস্য তাদের সংস্পর্শে এসে এই ভাইরাসে আক্রান্ত হয়। তিনজন আক্রান্ত ছাড়া আরও দুইজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























