করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিদেশি অতিথিরা এ মুহূর্তে বাংলাদেশে আসছে না বলে জানানো হয়েছে। রবিবার (৮ই মার্চ) রাত ১১টার দিকে মুজিববর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ১৭ই মার্চ রাজধানীর প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মুজিববর্ষের অনুষ্ঠানটি হচ্ছে না।
সোমবার (৯ই মার্চ) এ বিষয়ে আবারো বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে মুজিববর্ষ উদযাপন কমিটি। করোনাভাইরাসে বিশ্ব পরিস্থিতি ও জনস্বাস্থ্য বিবেচনায় মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যাপক জনসমাগম এড়িয়ে ১৭ই মার্চ মুজিববর্ষের মূল অনুষ্ঠান হবে বলেও সিদ্ধান্ত হয়েছে। করোনাভাইরাসের আতঙ্কে নয়, জনস্বাস্থ্যের স্বার্থে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত থাকা মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার উপস্থিতিতে মুজিববর্ষ উদযাপন কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্য এবং মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্যেরা উপস্থিত ছিলেন। এর আগে, রবিবার (৮ই মার্চ) বিকেলে বাংলাদেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























