বিমা খাতকে সম্পূর্ণভাবে ডিজিটাল করার আহ্বান জানিয়ে আস্থা অর্জনে মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমার টাকা গ্রাহকরা যেন সহজেই পেতে পারে, সেদিকে গুরুত্ব দেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

উন্নত বিশ্বে বিমা অত্যন্ত জনপ্রিয় আর্থিক সেবা খাত হলেও বাংলাদেশে তা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এর অন্যতম কারণ আস্থাহীনতা। তাই গ্রাহকের আস্থা অর্জন, এ খাতের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বিমা খাতের উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। ঝুঁকি এড়াতে দেশের সব নাগরিক যাতে বিমার আওতায় আসতে পারে, সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বিমা খাতকে সম্পূর্ণভাবে ডিজিটাল করার আহ্বান জানিয়ে আস্থা অর্জনে আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুঃসময়ে বিমা থাকার বিভিন্ন সুবিধা সম্পর্কে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি আধুনিক তথ্য যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিমা সংস্থাগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে এবং এর পরিষেবা আরো উন্নত করতে হবে বিমা কোম্পানিগুলোর।

শেখ হাসিনা আরো বলেন, বিমার যেকোনো কিছু অর্থাৎ বিমার দাবি নিষ্পত্তি থেকে শুরু করে বিমা সেবাকে আরো সহজীকরণে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার অপরিহার্য। এটা করলে দুর্নীতি দূর হবে। এর থেকে মানুষ উপকার পাবে। বিমা শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সুযোগকে কাজে লাগাতে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিমা কোম্পানির মালিক যারা রয়েছেন, তারা যদি এজেন্ট হিসেবে কাজ দেন তাহলে অনেক যুবক এবং বিশেষ করে মেয়েরা কাজ করতে পারে। ফলে কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং বেকারত্ব দূর হবে। এর আগে অনুষ্ঠানে বিমা খাতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজনের মধ্যে বিমা পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী।

এছাড়াও, বাংলাদেশ ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির (আইডিআরএ) বিমা ম্যানুয়েল এবং বিমা নির্দেশিকা নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিমা খাতের উন্নয়নের চিত্র তুলে ধরে অনুষ্ঠানে একটি ভিডিও চিত্র পরিবেশিত হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে